যুক্তরাষ্ট্র ও লন্ডনে প্রায় ৩০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার কোটি টাকার বেশি) পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকালে দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ৯টি প্রকল্পে প্রায় ৮০ হাজার কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গত ১৭ ডিসেম্বর থেকে এই অনুসন্ধান কার্যক্রম শুরু হয়।
দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প এবং বেপজাসহ (বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ) ৯টি প্রকল্পে এসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে এসব অভিযোগের প্রকৃত সত্যতা যাচাইয়ে তদন্ত চালাচ্ছে দুদক।
0 মন্তব্যসমূহ